পুলিশ কনস্টেবল আল আমিন সরদার। সংগৃহীত ছবি
চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। রোববার ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি।
সিএমপি সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনের সময় এক ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন আল আমিন। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে সহকর্মীরা দ্রুত তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যান। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ জানান, আল আমিন দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন আল আমিন সরদার। চার বছরের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন সিএমপির কর্মকর্তারা। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের বাবা।
কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিএমপি কমিশনার মো. হাসান মো. শওকত আলী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!