চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানার ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সাইমুন হোসেন বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার বাসিন্দা লোকমান হোসেনের ছেলে।
কারখানাটির দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিতাই চন্দ্র রায়ের ভাষ্য অনুযায়ী, রাতে কারখানার ভেতরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হন ওই যুবক। পরে বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শনিবার সকালে কারখানার ভেতর থেকে সাইমুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!