ছবি:সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তার হোসেনের ভাষ্য, ভোরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। এ সময় বাড়ির প্রবেশগেটের সামনে আগুন জ্বলতে দেখেন। তাঁর অভিযোগ, ঘটনার পর গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি হায়েস মাইক্রোবাস দ্রুত স্থান ত্যাগ করে।
মুক্তার হোসেন দাবি করেন, তাঁর বাড়ির গেটে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি গফরগাঁও থানায় অভিযোগ দিয়েছেন।
বিস্ফোরণের শব্দ শুনে কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এ সময় বাড়ির গেটের সামনে থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে পড়ে থাকা আলামত জব্দ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ছাত্রদলের সাবেক আহ্বায়ক গফরগাঁওয়ে বিস্ফোরণ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!