যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

দুই মাসেই যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আয় ৯১৫.৬৩ মিলিয়ন ডলার

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM ৬৮
দুই মাসেই যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আয় ৯১৫.৬৩ মিলিয়ন ডলার

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে চলতি অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধি দেখা গেছে। ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জুলাই-আগস্ট সময়ে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ০১ মিলিয়ন ডলার বা ৩ দশমিক ৭৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে আগস্টে পরিস্থিতি বদলে যায়। ওই মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, যা দুই মাসের সামগ্রিক হিসাবে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে ভূমিকা রেখেছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার। এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে পুরো বছরে যুক্তরাজ্যে মোট ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। সে হিসাবে ওই অর্থবছরে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

দুই সময়ের হিসাব তুলনা করলে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের মাসিক গড়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির গড় প্রায় ২৫ শতাংশ বেশি। একই সঙ্গে মাত্র জুলাই-আগস্ট দুই মাসেই গত অর্থবছরে যুক্তরাজ্য থেকে অর্জিত মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় ২০ দশমিক ৮৬ শতাংশ আয় হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাকের জন্য যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার হিসেবে বিবেচিত। চলতি অর্থবছরের শুরুতেই এই বাজারে রপ্তানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় দেশের তৈরি পোশাক খাতের সামগ্রিক রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২০২৬-২৭ অর্থবছর যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ইপিবি পোশাক খাত বৈদেশিক মুদ্রা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!