যুক্তরাষ্ট্র   বুধবার ৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩

গবেষণার মাঠ ফেরতের দাবিতে ফের রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৮ PM ৭
গবেষণার মাঠ ফেরতের দাবিতে ফের রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা

পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে চীন মৈত্রী সিগন্যালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পুরোনো বাণিজ্য মেলার মাঠ গবেষণার কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। দাবি আদায়ে বুধবার আবারও রাজধানীর চীন মৈত্রী সিগন্যালে সড়ক অবরোধ করেন সহস্রাধিক শিক্ষার্থী। পাশাপাশি শেরেবাংলা নগরের গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহের কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হন আন্দোলনকারীরা। পরে চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

এর আগে মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা। একই দিন রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সমবেত হয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। গবেষণা কার্যক্রম পরিচালনার স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে। তাঁদের অভিযোগ, মাঠে বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত ২৭ অক্টোবর। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলার সময় তাঁরা সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও একটি গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরদিন মাঠে মেলা বন্ধের জন্য আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এ সময় মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

দাবি আদায়ে ২৯ অক্টোবর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ওই দিন জাতীয় যুব মেলাসহ মাঠে চলমান সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না হওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে ২ নভেম্বর আবারও কঠোর কর্মসূচি শুরু করেন তাঁরা। সেদিন আন্দোলনকারীরা মাঠটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেকৃবি শিক্ষার্থী আন্দোলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!