সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী, দলটির কাছে থাকা লুটপাটের অর্থ ব্যবহার করে বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো ঘটনার বিস্তারিত তিনি তুলে ধরেননি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জাহেদ উর রহমানের ভাষ্য, মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনের নামে যারা সহিংসতা চালাচ্ছে, তাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের সংশ্লিষ্টতা থাকার কথা নয়। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা ফ্যাসিস্ট চক্রের হাতে থাকা অর্থ ব্যয় করে কোথাও কোথাও নাশকতার চেষ্টা হতে পারে। শ্রমিক আন্দোলনের সঙ্গে এমন তৎপরতার যোগসূত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার ও প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান উপদেষ্টা।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়ানো আলোচনার প্রসঙ্গও আসে। উপদেষ্টা বলেন, সরকার শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করছে—এমন ধারণা সঠিক নয়। তবে তিনি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না বলে জানান জাহেদ উর রহমান।
পুলিশের বলপ্রয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, আগের সময়ের মতো নির্বিচারে বা অতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে পুলিশকে বের করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী বলপ্রয়োগের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। সেটি নির্ধারিত বিধি ও নিয়মের মধ্যে থেকে প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
পোশাকশ্রমিক আন্দোলন জাহেদ উর রহমান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!