যুক্তরাষ্ট্র   বুধবার ৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে চীনা প্রতিনিধিদলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ PM ৬
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে চীনা প্রতিনিধিদলের শ্রদ্ধা

ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী লিউ হাই সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী লিউ হাই সিং। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানান চীনা মন্ত্রী। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সমাধি প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন লিউ হাই সিং। এ সময় চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং কূটনৈতিক সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে আরও অংশ নেন দলটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় নেতারা।

লিউ হাই সিং জিয়াউর রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!