ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সচিব মোহাম্মদ মসিউর রহমানকে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে প্রকাশিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব জেতী প্রু।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস সার্ভিস উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন। তাঁর বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, স্লোগানটিকে হাদিস বললে কেউ হয়তো মনে করতে পারেন, তিনি ভবিষ্যতে ভালো পদায়ন পাওয়ার আশায় এমন কথা বলছেন। তবে তাঁর কাছে কথাগুলো চিরন্তন সত্য। বক্তব্যে তিনি ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’—এই ধারণার ওপর গুরুত্ব দেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগত স্বার্থের চেয়ে সম্মিলিত স্বার্থ ও দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।
মসিউর রহমান আরও বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ কথাটি একটি শাশ্বত বাণী। বক্তব্যের আরেক পর্যায়ে তিনি মন্তব্য করেন, ধর্মীয় ব্যক্তিরা একই কথা বললে সেটিকে হাদিস বলা হতো; কিন্তু প্রধানমন্ত্রীর দাড়ি বা টুপি না থাকার কারণে সেটি হাদিস হিসেবে বিবেচিত হচ্ছে না। তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়।
বক্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরপরই তাঁকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ জারি হলো।
মোহাম্মদ মসিউর রহমান ডিটিসিএ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!