নতুন ইউটিউব চ্যানেলে দৈনন্দিন জীবনের ব্লগের পাশাপাশি গান প্রকাশের পরিকল্পনা করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
অভিনয় ও সংগীতের পাশাপাশি এবার নিজের দৈনন্দিন জীবনও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চান নুসরাত ফারিয়া। এ উদ্দেশ্যে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন এই অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়ে ব্লগ প্রকাশের পাশাপাশি নিজের নতুন গানও তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।
ফারিয়ার ইউটিউব চ্যানেল খোলার পেছনে রয়েছে ভক্তদের আগ্রহ। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে অনুসারীদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, তাঁর প্রতিদিনের জীবনযাপন নিয়ে ব্লগ দেখতে চান কি না। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় ৯৯ শতাংশ অনুসারী এমন কনটেন্টের পক্ষে মত দিয়েছেন। তাঁদের উৎসাহেই চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন তিনি।
নতুন উদ্যোগ সম্পর্কে নুসরাত ফারিয়া বলেন, পর্দার বাইরের সাধারণ জীবনটাও দর্শকদের সামনে তুলে ধরতে চান। মিডিয়ার চাকচিক্যের বাইরে তাঁর প্রতিদিনের জীবন কেমন, তা ব্লগের মাধ্যমে দেখানোর পরিকল্পনা রয়েছে। নিয়মিত গান করার কারণে ভবিষ্যতে নিজের চ্যানেলেই নতুন গান প্রকাশ করতে চান বলেও জানান তিনি। অর্থাৎ একই প্ল্যাটফর্মে ব্যক্তিগত জীবনের ভিডিও ও সংগীত—দুই ধরনের কনটেন্টই থাকবে।
তবে আপাতত প্রযোজনায় নামার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে যে কাজ করছেন, সেখানেই মনোযোগ ধরে রাখতে চান।
এদিকে নুসরাত ফারিয়া ব্যস্ত রয়েছেন ‘লজ্জা’ সিনেমার কাজ নিয়ে। ছবিটির প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন তিনি। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সিনেমায় নিজের চরিত্রের বিস্তারিত প্রকাশ না করলেও জানিয়েছেন, এতে পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ধাঁচের চ্যালেঞ্জিং কোনো ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করছেন এম এইচ খোকন।
সম্প্রতি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিনের জন্য নির্মিত এই কাজটি নিয়ে আশাবাদী তিনি। অভিনেত্রীর মতে, ছবিটির গল্প দর্শকদের ভালো লাগবে। শিগগিরই এর প্রচারণামূলক একটি গানের শুটিং করবেন তিনি। এরপরই প্রকাশ করা হবে মুক্তির তারিখ।
অন্যদিকে, সরকারি অনুদানে নির্মিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিও চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অনম বিশ্বাস পরিচালিত ছবিটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ফারিয়ার আশা, সিনেমাটি মুক্তি পেলে দর্শক তাঁকে ভিন্নভাবে দেখার সুযোগ পাবেন।
নুসরাত ফারিয়া ইউটিউব চ্যানেল ইউটিউব ব্লগ নতুন গান লজ্জা সিনেমা লাপাত্তা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!