সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। আসনটিতে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকালে ইসি সচিবালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদের ‘৩২৩ মহিলা আসন-২৩’-এর উপনির্বাচনে গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরে যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার বিকেল ৪টা। ওই সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুসরণ করে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম জড়িয়ে বিতর্ক তৈরি হলে তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাঁর পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। ওই শূন্য আসন পূরণে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
এলিজা জামান সংরক্ষিত নারী আসন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!