যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষে মালিকদের ভূমিকার প্রমাণ পেয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ PM ৪
শ্রমিক অসন্তোষে মালিকদের ভূমিকার প্রমাণ পেয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

 

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কয়েকজন শিল্পমালিকের সম্পৃক্ততার অডিও-ভিডিও প্রমাণ সরকারের হাতে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, এসব ঘটনার নেপথ্যে কারা ইন্ধন দিচ্ছেন, তা শনাক্ত করে ইতিমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে একটি পক্ষ শিল্পাঞ্চলে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। তাঁর দাবি, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির মদদপুষ্ট কিছু পক্ষ শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। প্রকৃত শ্রমিক ও তাঁদের ট্রেড ইউনিয়ন নেতারা নিজেদের কর্মসংস্থান ও জীবিকা বিপন্ন হয়—এমন পরিস্থিতি চান না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অডিও ও ভিডিওসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সংঘাতের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের পরিচয় কিংবা প্রমাণগুলোর বিস্তারিত বৈঠক-পরবর্তী বক্তব্যে প্রকাশ করা হয়নি।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

এ ছাড়া বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বৈঠকে অংশ নেন। পুলিশ ও বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষাকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো কারখানা যেন বন্ধ না হয় এবং কোনো শ্রমিককে যেন চাকরি হারিয়ে ক্ষতিগ্রস্ত হতে না হয়, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। মালিকদের সঙ্গে আলোচনার পর সোমবার বিকেলে শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা জানান তিনি। উভয় পক্ষের মতামত বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ শ্রমিক বিক্ষোভ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!