যুক্তরাষ্ট্র   বুধবার ৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩

‘মহব্বত’-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ PM ৬
‘মহব্বত’-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে নেওয়ার আলোচনা চলছে। ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তাঁর বিপরীতে অভিনয় করতে যাওয়া নায়িকার পরিচয়। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন অভিনেত্রীর নাম আলোচনায় এলেও এবার পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমির নাম সামনে এসেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিনেমাটিতে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ‘মহব্বত’-এর পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। ফলে কিনজা হাশমিই শাকিবের নতুন সহশিল্পী কি না, তা নিশ্চিত হতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হচ্ছে।

পাকিস্তানের টেলিভিশন ও মডেলিং অঙ্গনে পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে পা রাখেন তিনি। টেলিভিশন নাটকে কাজের মধ্য দিয়ে পরিচিতি বাড়ে তাঁর। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের পর বিশেষভাবে আলোচনায় আসেন এই অভিনেত্রী। পরে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। ‘রূপোশ’ নামের টেলিছবিতেও দেখা গেছে তাঁকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্র ও মডেলিংয়েও কাজ করেছেন কিনজা। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। ‘মহব্বত’-এ অভিনয়ের খবর নিশ্চিত হলে বাংলাদেশের চলচ্চিত্রে এটিই হবে তাঁর নতুন অভিজ্ঞতা।

সিনেমাটির নায়িকা নির্বাচন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। প্রকাশিত প্রথম পোস্টারে শাকিব খানের পাশে লাল ওড়না এবং সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীকে দেখা গেলেও তাঁর মুখ দেখানো হয়নি। নির্মাতারা বড় আয়োজনের মধ্য দিয়ে নায়িকার পরিচয় প্রকাশ করতে পারেন বলে জানা গেছে।

শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য নতুন ঘটনা নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী ও দর্শনা বণিকের মতো অভিনেত্রীরা তাঁর সঙ্গে পর্দা ভাগ করেছেন। যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ও মডেল কোর্টনি কফিও অভিনয় করেছেন শাকিবের বিপরীতে।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের আগের দুই সিনেমাতেও শাকিবের সহশিল্পী ছিলেন বিদেশি অভিনেত্রী। ‘প্রিয়তমা’য় কলকাতার ইধিকা পাল এবং ‘রাজকুমার’ সিনেমায় যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি অভিনয় করেন। ‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা বাংলাদেশের দর্শকদের মধ্যে পরিচিতি পান। সেই ধারাবাহিকতায় ‘মহব্বত’-এ পাকিস্তানি অভিনেত্রীকে যুক্ত করার খবর নতুন করে কৌতূহল তৈরি করেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে একই বছরের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে শুটিং ও মুক্তির সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শাকিব খান কিনজা হাশমি মহব্বত সিনেমা হিমেল আশরাফ আরশাদ আদনান ভার্সেটাইল মিডিয়া ঢালিউড পাকিস্তানি অভিনেত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!