যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়েস্টার্ন নির্মাণে স্পিলবার্গ, পর্দায় থাকছেন অস্কারজয়ী তিন তারকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ PM ৬
প্রথম ওয়েস্টার্ন নির্মাণে স্পিলবার্গ, পর্দায় থাকছেন অস্কারজয়ী তিন তারকা

নতুন ওয়েস্টার্ন সিনেমায় অভিনয়ের জন্য আলোচনায় কিলিয়ান মারফি, জেসি বাকলি ও মার্ক রাইল্যান্স। ছবি: সংগৃহীত

হলিউডের কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবার নতুন এক চলচ্চিত্র ঘরানায় কাজ করতে যাচ্ছেন। দীর্ঘ নির্মাণজীবনে সায়েন্স ফিকশন, অ্যাকশন, অ্যাডভেঞ্চারসহ নানা ধরনের সিনেমা নির্মাণ করলেও এবার প্রথমবারের মতো ওয়েস্টার্ন সিনেমা পরিচালনা করবেন তিনি। নতুন এই ছবিতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি, জেসি বাকলি ও মার্ক রাইল্যান্স।

সিনেমাটি নির্মিত হবে লেখক কেভিন ব্যারির ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য হার্ট ইন উইন্টার’ অবলম্বনে। ছবির চিত্রনাট্য লিখছেন অস্কারজয়ী নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। অন্য পরিচালকের সিনেমার জন্য পূর্ণাঙ্গ চিত্রনাট্য লেখার ক্ষেত্রে এটিই তাঁর প্রথম কাজ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়েস্টার্ন চলচ্চিত্র মূলত উনিশ শতকের যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, অর্থাৎ ওয়াইল্ড ওয়েস্টের জীবন, সংঘাত ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠে। ঘোড়সওয়ার কাউবয়, শেরিফ, দস্যু, বন্দুকযুদ্ধ, প্রতিশোধ এবং টিকে থাকার লড়াই এ ঘরানার পরিচিত উপাদান। ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংঘাতের গল্পও ওয়েস্টার্ন সিনেমায় বিশেষ গুরুত্ব পায়। ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ এ ধারার অন্যতম পরিচিত চলচ্চিত্র।

স্পিলবার্গের নতুন ছবির কাহিনিতে উঠে আসবে আইরিশ কবি টম রোর্কের জীবন ও প্রেমের গল্প। শহরের এক খনি-মালিকের নববধূ পলি গিলেস্পির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে দুজন একসঙ্গে সান ফ্রান্সিসকোর পথে পালিয়ে যান। তাঁদের এই যাত্রা ঘিরে শুরু হয় বিপজ্জনক পরিস্থিতি, কারণ একদল সশস্ত্র বন্দুকধারী তাঁদের অনুসরণ করতে থাকে।

ছবিটি নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে স্পিলবার্গ বলেছেন, পল থমাস অ্যান্ডারসনের সঙ্গে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর মতে, গল্পটি শুরু থেকেই তাঁদের দুজনের কাছে বিশেষ হয়ে উঠেছে। এমন কিছু মানুষের জীবনকে কেন্দ্র করে কাহিনি তৈরি হয়েছে, যারা নিজেদের প্রাপ্য জীবন থেকে কম কিছু মেনে নিতে চায় না। চরিত্রগুলোর জন্য শুরুতেই জেসি বাকলি ও কিলিয়ান মারফির কথা তাঁর মনে এসেছিল বলেও জানান পরিচালক।

গত জুনে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলার ‘ডিসক্লোজার ডে’-এর পর স্পিলবার্গের নতুন এই প্রকল্প নিয়ে হলিউডে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

স্টিভেন স্পিলবার্গ স্পিলবার্গের নতুন সিনেমা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!