যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটের আগে ৫৫ দলকে আলোচনায় ডাকছে ইসি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ PM ৪
ইউপি ভোটের আগে ৫৫ দলকে আলোচনায় ডাকছে ইসি

নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের কার্যক্রম। ফাইল ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এই সংলাপ শুরু হবে। তবে আমন্ত্রণের তালিকায় থাকছে না আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চার শরিক দল। অন্যদিকে, জাতীয় পার্টিকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তাঁর ভাষ্য, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। সংলাপের পাশাপাশি নির্বাচনের পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পৃথক বৈঠক করবে কমিশন।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, তিন দিনের আলোচনায় ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। বর্তমানে কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা ৫৯। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; দলটিকে সংলাপেও ডাকা হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দল আমন্ত্রণ পাচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে আলোচনায় রাখছে ইসি।

নির্বাচন কমিশন গত ১২ অক্টোবরের বৈঠকে ইউপি নির্বাচন আয়োজনের সামগ্রিক পরিকল্পনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেয়। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করেছে কমিশন। ভোটের তফসিল এখনো ঘোষণা করা হয়নি, তবে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তার তালিকা এবং ভোটের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে।

কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে ভোট নেওয়া হবে।

নির্বাচন কমিশন ইসির রাজনৈতিক সংলাপ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!