যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ PM ৭
বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বাংলাদেশ নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর এমন মন্তব্য সামনে আসে।

অর্জুন সিংয়ের বক্তব্য ঘিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশকে আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার প্রতিশোধ নেওয়া প্রয়োজন।

বক্তব্যে অর্জুন সিং বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষ্য, বাংলাদেশে হিন্দুদের হত্যার ঘটনা ঘটেছে এবং এর জবাব দেওয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্যকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য সামনে এসেছে। এর আগে ২৩ নভেম্বর কলকাতায় এক ব্রিফিংয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা বললেও সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকার কথা জানান।

শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন। তাঁর দাবি, রাজ্যের অন্তত দুই কোটি মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। ত্রিপুরা, মেঘালয়সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও বাংলাদেশে আত্মীয়স্বজন থাকায় সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। তবে শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এদিকে ঘটনাচক্রে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর তিনি ভারতে চলে যান। তাঁর দেশে ফেরার সম্ভাব্য সময় এবং বাংলাদেশকে নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রীর মন্তব্য একই তারিখকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ অর্জুন সিং পশ্চিমবঙ্গ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!