যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত দুই মহাসড়ক, পুলিশের টিয়ারশেল

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ PM ৭
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত দুই মহাসড়ক, পুলিশের টিয়ারশেল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে বুধবারও অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশ। সকালে একাধিক কারখানার শ্রমিকেরা কাজে না গিয়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। তবে এক জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও অন্য এলাকায় গিয়ে তাঁরা ফের সড়ক আটকে দিচ্ছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকেরা সড়কে জড়ো হন। এতে দুই মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নাওজোড় এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকেরা অবরোধের উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ভবানীপুর এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মাইকিং করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। বিভিন্ন স্থানে অবরোধ ও পুলিশের তৎপরতার কারণে মহাসড়কগুলোতে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পোশাকশ্রমিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!