যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরেই পাঁচ জেলায় চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ PM ৫
ডিসেম্বরেই পাঁচ জেলায় চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালগুলো চালুর প্রস্তুতি চলছে। ছবি: সংগৃহীত

দেশের পাঁচ অঞ্চলে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালগুলো আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০০ শয্যার প্রতিটি হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালের ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে হাসপাতাল স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও যন্ত্রপাতির অভাবে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন চালু করা সম্ভব হয়নি।

হাসপাতালগুলোর কার্যক্রম পরিচালনায় মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক ও সহকারী পরিচালক পদে পাঁচটি করে, সিনিয়র কনসালটেন্ট পদে ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদে ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদে ১০টি রয়েছে। এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের পাঁচটি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, জরুরি বিভাগের মেডিকেল অফিসারের ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের ২০টি পদ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে পাঁচটি হাসপাতালেই উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। হাসপাতালগুলোর অবকাঠামোও সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।

হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয় চলতি বছরের ১০ মে। ওই দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেন তিনি।

এরপর গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করা হবে।

হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের একটি অংশও ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নবজাতকের জন্য ভেন্টিলেটর, সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন, বহনযোগ্য এক্স-রে যন্ত্র, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। এসব সুবিধা চালু হলে শিশু ও নবজাতকদের জটিল রোগের চিকিৎসা নিজ নিজ অঞ্চলে পাওয়ার সুযোগ তৈরি হবে।

বিশেষায়িত শিশু হাসপাতাল শিশু হাসপাতাল চালু তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!