যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ PM ৫
পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছে স্কুলছাত্র মিনহাজ আহম্মেদ সীমান্ত। ছবি: সংগৃহীত

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে ১১ বছর বয়সী মিনহাজ আহম্মেদ সীমান্ত। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরে ঘাটের সিঁড়ির নিচে আটকে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালামিয়ার পোল এলাকার বাসিন্দা। সে মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে এবং স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে যায় সীমান্ত। তিন বন্ধু পুকুরের ঘাটের সিঁড়ির এক পাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে ওঠার চেষ্টা করছিল। এ সময় সীমান্ত সিঁড়ির নিচে আটকে পড়ে।

দুই বন্ধু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সীমান্তকে পানির ওপরে দেখতে না পেয়ে স্থানীয়দের ডেকে আনে। পরে আশপাশের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তল্লাশি চালায়। রাত ৮টার দিকে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী সদস্যরা পুকুরে অভিযান শুরু করেন। পরে সিঁড়ির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বুধবার বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুকুরের ঘাটের সিঁড়ির নিচে আটকে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নোয়াখালী কবিরহাট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!