যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কঙ্গোর বুকাভুতে স্কুলে আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ PM ৪৭
কঙ্গোর বুকাভুতে স্কুলে আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে আগুনে শিক্ষার্থীসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়ে আশপাশের বসতি এবং দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসাকর্মীদের বরাতে আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে আগুন শুরু হয়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে।

দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েংয়ে রয়টার্সকে জানান, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে।

জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, আগুনের পর অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রের নার্স ক্রিস্টোফ জিগাশানে এএফপিকে জানান, তার চিকিৎসাকেন্দ্রে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষককে আনা হয়েছিল। তাদের অনেকের শ্বাসকষ্ট গুরুতর ছিল।

চিকিৎসাকেন্দ্রটির ওই নার্সের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও কয়েকজনের মৃত্যু হয়েছে।

এএফসি/এম২৩-এর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, আগুনে আহত ২৯ জন বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গুরুতর আহত ১৭ জন কাদুতু সাধারণ হাসপাতালে এবং আরও চারজন বুকাভু প্রাদেশিক সাধারণ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখনো চূড়ান্ত হতাহতের হিসাব পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাতের কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আলজাজিরার যাচাই করা ভিডিওতে কয়েকটি বাড়ি পুড়ে যেতে দেখা গেছে এবং পরে আগুনের শিখা পাশের দুটি স্কুলে ছড়িয়ে পড়তে দেখা যায়।

এএফসি/এম২৩ জানিয়েছে, খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুকাভু দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ গোষ্ঠী শহরটির নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শহরটিতে আরও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেসব ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের আগুনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!