যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

জ্বালানি সংকটের দাবি নিয়ে প্রশ্ন শামা ওবায়েদের, সংসদে সমাধানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ PM ৪৪
জ্বালানি সংকটের দাবি নিয়ে প্রশ্ন শামা ওবায়েদের, সংসদে সমাধানের আহ্বান

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বিরোধী দলের লংমার্চে বিপুলসংখ্যক যানবাহন ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে দেশে তেল ও গ্যাসের সংকটের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ। সেখানে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি পালন করা হয়।

বিরোধী দলের লংমার্চের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, একদিকে দেশে তেল ও গ্যাস নেই বলা হচ্ছে, অন্যদিকে কয়েক হাজার গাড়ি নিয়ে লংমার্চ হচ্ছে। তার প্রশ্ন, যদি দেশে জ্বালানি না থাকে, তাহলে এত যানবাহন কীভাবে চলছে। তার মতে, এ ধরনের কর্মসূচিতে জ্বালানি ব্যয় না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে গিয়ে নিজেদের দাবি তুলে ধরা। আলোচনা ও বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যার সমাধানের পথ খোঁজার কথাও বলেন তিনি।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী না করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ অতীতের দীর্ঘ সময়ের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। তার দাবি, বিগত ১৭ বছরে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার যে প্রভাব তৈরি হয়েছে, তা অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি এবং দেশে থাকা গ্যাসের মজুত উত্তোলনের ক্ষেত্রেও কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল। বর্তমান সরকার পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং প্রয়োজন হলে নতুন উৎস থেকেও আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সারের সংকট নিয়েও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, দেশে সারের সংকট নেই; এ নিয়ে অপপ্রচার চালিয়ে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন শামা ওবায়েদ। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলেও ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। জাতীয় সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবিগুলো সংসদে তুলে ধরার মাধ্যমে গঠনমূলক রাজনীতির চর্চা করা প্রয়োজন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে তাদের নেতৃত্বেই এটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণের কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের পাশাপাশি যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ ইসলাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!