ছবি: সংগৃহীত
ভোলার মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে দুই ভাইকে মারধর করে আহত করার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি রয়েছেন। আহতদের বাবা মো. অহিদুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলাটি করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন মো. মিজান এবং সুমন, জুয়েল, রিয়াদ ও ফয়সাল। তাদের সবার বাড়ি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মামলার বাদী অহিদুর রহমান হাওলাদারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে বাজারে ঘোরাফেরা করলেও পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি। তবে ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ অক্টোবর মনপুরা ইউনিয়নের ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর বসেছিলেন সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও তার ভাই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মো. ফয়সাল হাওলাদার। অভিযোগ, সেখান থেকে তাদের ডেকে নিয়ে জামায়াত নেতা মিজানের নেতৃত্বে কয়েকজন মারধর করেন। এতে দুই ভাই রক্তাক্ত অবস্থায় আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয়।
মনপুরা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!