সংঘর্ষের কয়েক ঘণ্টা পর মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় ফিরেছে স্বাভাবিক পরিবেশ। ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকা। মিরপুর-১১ ও পল্লবীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হতে শুরু করে। দুপুর নাগাদ মিরপুর-১০ ও ১১ নম্বর সেকশনে যান চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ফিরে আসে।
দুপুরে সরেজমিনে দেখা যায়, এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সড়কে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। খুলে যায় আশপাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। সকাল থেকে বন্ধ থাকা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনও বেলা সাড়ে ১১টার দিকে চালু করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা সদস্যদের সতর্ক রাখা হয়েছে।
এদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাঁদের বক্তব্য, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে কর্মসূচি পালন করছেন।
এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়।
মিরপুর পোশাকশ্রমিক আন্দোলন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!