যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

যশোর বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ PM ১৪
যশোর বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%

যশোর শিক্ষা বোর্ডের ফলাফল তুলে ধরেন বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন। ছবি: সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। গত বছরের তুলনায় এ হার কমেছে ৫ দশমিক ২৮ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছেন, যেখানে গত বছর পেয়েছিলেন ৫ হাজার ৯৯৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশের পর বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজ থেকে এবার মোট ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান শাখায় ১৫ হাজার ১৬৭ জন, মানবিকে ৩০ হাজার ১৯১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৩১০ জন পাস করেছেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানে ছেলে ১ হাজার ১৭ জন ও মেয়ে ৮৪১ জন। মানবিক বিভাগে এ সংখ্যা যথাক্রমে ২৬৮ ও ৮৯৭। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন ছেলে এবং ১৩২ জন মেয়ে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও পরিবর্তন দেখা গেছে। এ বছর মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল পাঁচটি। অন্যদিকে, কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবার ১৬। আগের বছর এ ধরনের প্রতিষ্ঠান ছিল ২০টি।

ফলাফলের অবনতি নিয়ে বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, এটিকে ফল বিপর্যয় হিসেবে দেখছেন না তাঁরা; বরং তাঁর মতে, এবারের ফলাফলে সঠিক মূল্যায়নের প্রতিফলন ঘটেছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের মূল লক্ষ্য বলেও জানান তিনি। ইংরেজিসহ কয়েকটি বিষয়ে পাসের হার কম হওয়ার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ফলাফল নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পরদিন থেকে সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

যশোর শিক্ষা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৬ যশোর বোর্ডে পাসের হার জিপিএ-৫ খুলনা বিভাগ এইচএসসি পরীক্ষার ফল অধ্যাপক আব্দুল মতিন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!