যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

গণভোটের রায় না মানার অভিযোগ শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ PM ১১
গণভোটের রায় না মানার অভিযোগ শফিকুর রহমানের

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলের লংমার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের ওপর স্বৈরাচারী ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) ১১ দলের খুলনা-যশোর অভিমুখী লংমার্চের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না করে বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর অভিযোগ, সরকার জনগণের ওপর স্বৈরাচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও গণভোটের রায় বাস্তবায়ন না করার সমালোচনা করেন। তিনি বলেন, সরকার জনগণের রায় উপেক্ষা করে তাঁদের লালকার্ড দেখিয়েছে। এর জবাবে জনগণ সরকারকে ক্ষমতা থেকে সরাতে লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিনও সভায় সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা থেকে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জালালুদ্দিন বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পর সরকারের অবস্থানে পরিবর্তন এসেছে।

শফিকুর রহমান জামায়াতে ইসলামী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!