যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় যেতে মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM ১২
মালয়েশিয়ায় যেতে মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জনপ্রতি ৮ হাজার টাকা ফি নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই নির্ধারিত অর্থের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ নেই। কোনো মেডিকেল সেন্টার বেশি অর্থ দাবি করলে সংশ্লিষ্ট কর্মীকে মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ কোনো কর্মীর কাছ থেকে ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। পাশাপাশি মেডিকেল পরীক্ষার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির নিয়ন্ত্রণে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো কর্মীর মেডিকেল স্লিপ একটি এজেন্সি তৈরি করে দেওয়ার পর তিনি অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তাঁর মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ বিষয়ে স্লিপ প্রদানকারী প্রতিষ্ঠানের আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা চাইলে কিংবা কর্মীদের হয়রানি, টালবাহানা বা অন্য কোনো সমস্যায় ফেললে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। অভিযোগ পাঠানোর জন্য নির্ধারিত ইমেইল ঠিকানা হলো secretary@probashi.gov.bd। একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (migrams) স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হয় না।

স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সেন্টারগুলোকে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়া মালয়েশিয়াগামী কর্মী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!