যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

রিয়াদে কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ PM ১০
রিয়াদে কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে

সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের মরদেহ দেশে আনা হয়েছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে শেষ সাতজনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছিল। বাকি সাতজন আগুনে গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে রিয়াদে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়। সেখানকার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

শনাক্ত হওয়া সাত শ্রমিকের মধ্যে নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী রয়েছেন। অন্য দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি এককালীন আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হবে ৩ লাখ টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হবে।

এর আগে গত ২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে প্রথম দফায় নয় শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছিল। তাঁদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন ছিলেন।

সৌদি আরবে অগ্নিকাণ্ড বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!