যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

দিনাজপুর

কুড়িগ্রামে ৯ কলেজের কেউ পাস করেনি, অংশ নিয়েছিলেন ৭০ জন

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ PM | সর্বশেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ PM ১২
কুড়িগ্রামে ৯ কলেজের কেউ পাস করেনি, অংশ নিয়েছিলেন ৭০ জন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কার্যালয়। ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের নয়টি কলেজের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মোট ৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন। বোর্ডের প্রকাশিত শূন্য শতাংশ পাসের তালিকা পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

দিনাজপুর বোর্ডের আওতাধীন আট জেলার মধ্যে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে একক জেলা হিসেবে কুড়িগ্রামে এমন প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি—নয়টি।

বোর্ডের তালিকা অনুযায়ী, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেননি। নাগেশ্বরী মডেল কলেজের ১৫ জন এবং রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজের ১০ জন পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। একই উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিলেন ছয়জন।

এ ছাড়া নাগেশ্বরী উপজেলার কুটি পেয়ারা ডাঙা স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন, চিলাখানা মডেল কলেজের চারজন, উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং চিলমারী উপজেলার দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের দুজন পরীক্ষার্থী কেউই উত্তীর্ণ হতে পারেননি। রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়েও পাস করতে পারেননি।

শুধু কয়েকটি প্রতিষ্ঠানের ফল নয়, সামগ্রিকভাবেও কুড়িগ্রাম জেলার এইচএসসি ফল আশানুরূপ হয়নি। এ বছর জেলায় ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাঁচ হাজার ৬৮৩ জন ছাত্র এবং ছয় হাজার ৩৯ জন ছাত্রী। সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৭৩ জন। ফলে জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ।

লিঙ্গভিত্তিক ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ, আর ছাত্রীদের ৪৫ দশমিক ২১ শতাংশ। জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতির মতো সমস্যা ফল বিপর্যয়ের পেছনে ভূমিকা রাখতে পারে। দিনাজপুর বোর্ডের আট জেলার মধ্যে পাসের হারে ৪০ দশমিক ৭২ শতাংশ নিয়ে কুড়িগ্রামের অবস্থান ষষ্ঠ।

কুড়িগ্রাম এইচএসসি ফল ২০২৬ দিনাজপুর শিক্ষা বোর্ড শূন্য পাসের কলেজ কলেজের ফল বিপর্যয় জিপিএ-৫

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!