প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত
ঢাকা থেকে খুলনা অভিমুখে জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চের কর্মসূচিতে গোপালগঞ্জে কোনো পথসভা না রাখার সিদ্ধান্ত নিয়ে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, স্থানীয়দের প্রতিক্রিয়ার আশঙ্কায় গোপালগঞ্জে কর্মসূচি না রাখার মধ্য দিয়ে জামায়াত রাজনৈতিক দৃঢ়তার পরিচয় দিতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান। লংমার্চের যাত্রাপথ থেকে গোপালগঞ্জ বাদ দেওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর ঘটনাকেও তিনি রাজনৈতিক অপরিপক্বতা হিসেবে উল্লেখ করেন।
পোস্টে রাশেদ খান বলেন, জামায়াতের নেতারা বিভিন্ন সময়ে দাবি করেন, তাঁরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। কিন্তু গোপালগঞ্জে স্থানীয়দের ভয়ে পথসভা না করার সিদ্ধান্ত তাঁদের সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনা ও সক্ষমতার দাবির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, দলটি যদি এতটাই সংগঠিত ও সাহসী হয়ে থাকে, তাহলে গোপালগঞ্জের দিকে লংমার্চ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল কেন।
জামায়াত রাজনৈতিক ঝুঁকি কিংবা সংঘাত এড়িয়ে চলতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তাঁর ভাষ্য, দলটি নিরাপদ ও সুবিধাজনক বিরোধী দলের অবস্থানে থাকতে আগ্রহী। গোপালগঞ্জে কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের স্থানীয়দের কাছে দোয়া চাওয়ার বিষয়টিও সমালোচনা করেন তিনি।
রাশেদ খান জামায়াতে ইসলামী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!