যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

সিলেটে এইচএসসিতে পাস ৫০.৯০%, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ PM ১৪
সিলেটে এইচএসসিতে পাস ৫০.৯০%, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট শিক্ষা বোর্ডের হলরুমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। ছবি: সংগৃহীত

সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৫০.৯০ শতাংশ। মোট ৭১ হাজার ৮৯৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট আতিকুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই কমেছে। ২০২৫ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৫১.৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ০.৯৬ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান শাখায় পাসের হার সবচেয়ে বেশি, ৬৮.৫৪ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৮০ জন। মানবিক বিভাগে পাসের হার ৪৬.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭০ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৪৭.৮১ শতাংশ পরীক্ষার্থী; এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

লিঙ্গভিত্তিক ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছেলেরা সামান্য বেশি। পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৯৩৫ ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৬ জন। তাঁদের পাসের হার ৪৮.৭২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন। অন্যদিকে ৪২ হাজার ৯৫৮ মেয়ের মধ্যে পাস করেছেন ২২ হাজার ৫০১ জন। তাঁদের পাসের হার ৫২.৩৮ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন।

জেলাভিত্তিক ফলাফলে সিলেটে ৩০ হাজার ৯৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৮৩৭ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন। সুনামগঞ্জে ১৩ হাজার ৬৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২৮৪ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন। মৌলভীবাজারে ১৪ হাজার ৫৭০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩৮৭ জন; জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন। আর হবিগঞ্জে ১২ হাজার ৬৯৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৪ শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৬ সিলেটে পাসের হার জিপিএ-৫ অধ্যাপক বিলকিস ইয়াসমিন এইচএসসি পরীক্ষার ফল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!