যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা এক মাসের মধ্যে

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২০ PM ১৩
এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা এক মাসের মধ্যে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এসব পরীক্ষার্থীকে যেন পরবর্তী শিক্ষাবর্ষ পর্যন্ত অপেক্ষা করতে না হয়, সে লক্ষ্যেই ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিশেষ পরীক্ষার সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম—দুই বিষয়ই বিবেচনায় রাখা হচ্ছে।

মন্ত্রী জানান, প্রশাসনের পক্ষে অল্প সময়ের নোটিশেও পরীক্ষা আয়োজন করা সম্ভব। তবে এক বা দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে না। আবার পরীক্ষা নিতে বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে এক মাসের বেশি সময় না দিয়ে ভর্তি পরীক্ষার সূচির সঙ্গে সমন্বয় করে বিশেষ পরীক্ষা আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সব বোর্ড মিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

ফলাফলের এই চিত্রকে সামগ্রিকভাবে সন্তোষজনক নয় বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

এদিকে প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট বা কোনো বিষয়ে আপত্তি থাকা পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এ আবেদন করতে হবে।

এইচএসসি ফল ২০২৬ বিশেষ পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!