ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ক্লাবে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। একই সঙ্গে জামিনের আবেদনও জমা দিয়েছেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, বুধবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছেন তাঁর মক্কেল। সেখানে আত্মসমর্পণের পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তিনি।
মামলার সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার নির্ধারিত তারিখে শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। একই সঙ্গে বাদীপক্ষের জামিন বাতিলের আবেদন মঞ্জুর করে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৬ জুলাই ঢাকা বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে নালিশি মামলা করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মনির হোসেন তদন্ত করে ২০২৪ সালে পরীমণি এবং তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।
আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সমন জারি করলে ২০২৪ সালের ২৫ জুন পরীমণি হাজির হয়ে জামিন নেন। এরপর গত বছরের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
বাদী নাসির উদ্দিন মাহমুদের অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুন গভীর রাতে পরীমণিসহ অন্য আসামিরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে বিনামূল্যে একটি দামি বিদেশি মদের বোতল পার্সেল দেওয়ার দাবি জানানো হলে তিনি তাতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে পরীমণি তাঁকে গালমন্দ করেন এবং সার্ভিং গ্লাস ও নিজের মুঠোফোন ছুড়ে মারেন বলে মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে। এতে নাসির উদ্দিনের বুক ও মাথায় আঘাত লাগে এবং ক্লাবে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে বাদীর দাবি।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি ভিন্ন দিকে নেওয়া এবং আইনি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে পরীমণি পরে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেছিলেন। এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি; আদালতে মামলার বিচারপ্রক্রিয়া চলমান।
পরীমণি পরীমণির জামিন গ্রেপ্তারি পরোয়ানা নাসির উদ্দিন মাহমুদ ঢাকা বোট ক্লাব মামলা পিবিআই ঢাকার আদালত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!