পল্টন ময়দানে আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভালের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত
খেলাধুলার পরিসর বাড়িয়ে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর মতে, নতুন প্রজন্মকে নিয়মিত ক্রীড়াচর্চায় যুক্ত করা গেলে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সহজ হবে। এ লক্ষ্য সামনে রেখে দেশের সর্বস্তরে খেলাধুলা ও প্রতিযোগিতার সুযোগ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর পল্টন ময়দানে আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬-এর ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে গণমাধ্যমকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আমিনুল হক বলেন, ক্রীড়াচর্চা শুধু বিনোদনের বিষয় নয়; তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখারও একটি কার্যকর মাধ্যম। তাই দেশের বিভিন্ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। সরকার নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক বলেন, পেশাগত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের খেলাধুলায় অংশগ্রহণ অন্য পেশার মানুষকে অনুপ্রাণিত করতে পারে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতেও সংগঠনের সদস্যরা ভূমিকা রাখছেন। যুবসমাজকে মাদকমুক্ত রাখার প্রচেষ্টায় তাঁদের কাজ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ গণমাধ্যমকর্মীদের ক্রীড়াচর্চার মাধ্যমে সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
কার্নিভালের ফুটবল প্রতিযোগিতায় শিরোপা ধরে রেখেছে টিম ডমিনেটরস। ফাইনালে টিম এভারগ্রীনকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় দলটি। ডমিনেটরসের হয়ে গোল করেন আশিক মাহমুদ ও ইশতিয়াক ইমন।
ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়—দুই স্বীকৃতিই পেয়েছেন ইশতিয়াক ইমন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!