যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য, নতুন উদ্যোক্তা তৈরিতেও পরিকল্পনা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ PM ৮
এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য, নতুন উদ্যোক্তা তৈরিতেও পরিকল্পনা

আগারগাঁওয়ে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিস্তার ঘটিয়ে ২০৩১ সালের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরি, অর্থায়ন সহজ করা, প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং স্থানীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তিনি। পরে বিভিন্ন স্টল ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন।

প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তির অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্যের পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এ নীতিমালার অন্যতম উদ্দেশ্য।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা বলেন তারেক রহমান। তাঁর মতে, এসএমই প্রতিষ্ঠানগুলোকে কেবল স্থানীয় বাজারের ক্রেতাদের ওপর নির্ভরশীল রাখলে চলবে না; বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবেও তাদের সক্ষমতা বাড়াতে হবে।

নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও নির্দিষ্ট পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে উদ্যোক্তা গড়ে তোলার কর্মসূচির কথা বলেন তিনি। তাঁর ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এসএমই খাতের ভূমিকার কথা তুলে ধরেন সরকারপ্রধান। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালির মতো দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ।

তবে এ খাতের বিকাশে কয়েকটি বাধার কথাও স্বীকার করেন প্রধানমন্ত্রী। মূলধন ও প্রযুক্তির সীমাবদ্ধতা, ঋণ পেতে জটিলতা, দক্ষ কর্মীর অভাব এবং পণ্য বাজারজাত করার সমস্যা উদ্যোক্তাদের অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে জানান তিনি। এসব সমস্যা কাটাতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। সরকার ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানান তিনি।

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তৈরি পোশাকের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের আহ্বান জানান। ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, অঞ্চলভিত্তিক বিশেষায়িত উৎপাদনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারে।

এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা, মান এবং প্যাকেজিং উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি পণ্য পৌঁছানোর সুযোগ বাড়াতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক ব্যবসাকেন্দ্রে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় তখন সম্ভাব্য অর্ডার পুরোপুরি কাজে লাগানো যায়নি। ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার আগে উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে ক্রেতারা সরাসরি অর্ডার দিতে পারেন এবং সেখানেই ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা থাকে।

আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রচার, ভৌগোলিক নির্দেশক (জিআই), ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণকে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে তাঁরা ব্যবসা পরিচালনা করছেন। অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণে নারীদের বিদ্যমান বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

তরুণদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসএমই খাত তরুণদের নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টির পথ খুলে দিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মেলার অংশ হিসেবে সাতটি সাধারণ ও একটি বিশেষ বিভাগে মোট আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে ছিল বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা—নারী ও পুরুষ, বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

এসএমই খাত ২৫ লাখ কর্মসংস্থান প্রধানমন্ত্রী তারেক রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!