যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ৯৫ প্লাটুন বিজিবি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ PM ৭
সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ৯৫ প্লাটুন বিজিবি

ঢাকাসহ সাত জেলায় জননিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়নের সদস্য। অন্য জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার।

রোববার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন বিজিবি সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

শুধু মাঠপর্যায়ের টহল ও নিরাপত্তা কার্যক্রম নয়, পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তর থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য সদর দপ্তরের মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

৯৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে বিজিবি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!