অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় প্রয়োজনে জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে সামনে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের পতনের সময় শিশু, তরুণ ও প্রবীণসহ বিভিন্ন বয়সের মানুষ রাজপথে নেমেছিলেন। দেশের প্রয়োজন দেখা দিলে জুলাইয়ের সেই যোদ্ধারা আবারও ‘আবাবিল’ হয়ে ফিরে আসবেন।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে। তবে তাঁর দাবি, এ পরিস্থিতির অবসান শিগগিরই হবে।
আওয়ামী লীগের দেশে ফেরার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় সরকারি ও সন্ত্রাসী বাহিনীর শক্তি ব্যবহার করেও দলটি দেশে টিকে থাকতে পারেনি। এখন আবার দেশে ফেরার চেষ্টা করা হচ্ছে—এমন প্রশ্ন তুলে তিনি জানতে চান, দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাদের ফিরে আসা কতটা সম্ভব।
অতীতে গুম ও হত্যার ঘটনায় আওয়ামী লীগের সমর্থকদের নীরবতা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বিচারে মানুষ গুম ও হত্যার সময় ‘ভালো আওয়ামী লীগ’ পরিচয় দেওয়া ব্যক্তিদের অনেকেই প্রতিবাদ করেননি। এখন তাঁদের কেউ কেউ নিজেদের ভালো হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের বিরুদ্ধে অবস্থান পরিবর্তনের অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার অবস্থান থেকে সরে এলেও বিরোধী দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যায়নি। তাঁর ভাষ্য, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করার চেষ্টা চালানো হবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।
প্রবাসীদের অবদান ও তাঁদের দেশে ফেরার অভিজ্ঞতা নিয়েও বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরসহ বিভিন্ন পর্যায়ে তাঁদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। এ ধরনের পরিস্থিতিকে তিনি পুরো জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার প্রবণতা নিয়েও কথা বলেন জামায়াত আমির। তাঁর দাবি, জামায়াত কখনো এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করেনি। তিনি বলেন, আন্দোলন ঘিরে অনেকেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন, অথচ শুরুতে কেউ ধারণা করতে পারেননি যে এভাবে সরকারের পতন ঘটবে।
ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!