যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে বিস্ফোরণের মামলায় দুই শিক্ষার্থী কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে একজন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ PM ৫
ঢাকা কলেজে বিস্ফোরণের মামলায় দুই শিক্ষার্থী কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে একজন

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থীদের আদালতে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন শিক্ষার্থীর বিরুদ্ধে আদালত পৃথক আদেশ দিয়েছেন। তাঁদের মধ্যে আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক মো. শিখন হোসেনকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছেন শিশু আদালত।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন শিশু আদালত-২ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী দুই শিক্ষার্থীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর ক্ষেত্রেও কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন অনুযায়ী পৃথক আদেশ দেন।

মামলার নথিতে বলা হয়েছে, ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বাইরে এসে ঘটনাস্থলে জড়ো হন। পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী তিনজনকে আটক করেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাঁদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিক্ষার্থীকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের সঙ্গে যোগসাজশ করে আটক ব্যক্তিরা কলেজ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং তাঁদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

ঢাকা কলেজ ককটেল বিস্ফোরণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!