ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশে তিনতলা মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের পর উদ্ধার অভিযান চলছে। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশে মিষ্টি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৩৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনটিতে আটকে পড়াদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকল ও অন্যান্য উদ্ধারকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ফনুসা আগুং মুলিয়া কারখানা থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চলছে।
উদ্ধার কর্মকর্তা রিজকি দ্বিয়ানতো বার্তা সংস্থা এপিকে জানান, কারখানার কয়েকটি জায়গায় তখনো আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর কাজ করছিলেন দমকলকর্মীরা।
অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর সেরাং জেলা ও বান্তেন প্রদেশের ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকর্মী, দমকল বাহিনী ও ইন্দোনেশিয়ান রেড ক্রিসেন্টের সদস্যরা যৌথভাবে ভবনের বিভিন্ন অংশে অনুসন্ধান চালান। যেসব জায়গায় শ্রমিকদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের জানান, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কতজন নিরাপদে বের হতে পেরেছেন এবং নিখোঁজদের অবস্থান কী, তা জানতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
কারখানাটিতে ‘মিলকিটা’ নামে দুধভিত্তিক স্ন্যাকস ও মিষ্টি তৈরি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ভবনটির ওপর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। কারখানার ভেতরে যন্ত্রপাতি পুড়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও উঠে এসেছে।
অগ্নিকাণ্ডের পর কারখানার বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের উদ্বেগের চিত্র উঠে এসেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
ইন্দোনেশিয়ায় এর আগেও বড় ধরনের অগ্নিকাণ্ড ও শিল্প দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে জাকার্তার একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান অন্তত ১৩ জন।
ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ড মিষ্টির কারখানায় আগুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!