যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি

ডা. ফিরোজা মুশিরা

ডা. ফিরোজা মুশিরা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ AM | সর্বশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ AM ৯
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি

ছবি: সংগৃহীত

জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকই এখন মানবস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার ও অপব্যবহারে ক্রমেই বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়ছে। এই নীরব জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সচেতনতা, দায়িত্বশীল ওষুধের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।

প্রতি বছর ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ’। ২০২৬ সালের প্রতিপাদ্য—‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাও’। অর্থাৎ, একটি স্বাস্থ্যব্যবস্থা, একটি সমন্বিত উদ্যোগ—এএমআর প্রতিরোধে এখনই পদক্ষেপ নিতে হবে। মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্য যে পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, এবারের প্রতিপাদ্যে সেই বাস্তবতাই গুরুত্ব পেয়েছে। বর্তমান বিশ্বে জনস্বাস্থ্যের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে ওঠার প্রবণতা ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে। এ সংকট মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্র, চিকিৎসাব্যবস্থা, কৃষি ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উদ্যোগ।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলতে বোঝায়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও অন্যান্য জীবাণু যখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা প্রতিহত করার সক্ষমতা অর্জন করে। এর ফলে আগে যেসব সংক্রমণ সহজেই চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব হতো, সেগুলোর চিকিৎসা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সাধারণ সংক্রমণও কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠছে। দীর্ঘায়িত হচ্ছে চিকিৎসার সময়, বাড়ছে স্বাস্থ্যব্যয় আর ঝুঁকির মুখে পড়ছে মানুষের জীবন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আধুনিক চিকিৎসাব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ অর্জনই হুমকির মুখে পড়তে পারে।

এ সংকটের অন্যতম কারণ অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহার। আমাদের দেশে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে সেবন করেন। আবার কেউ কেউ সামান্য সুস্থ বোধ করলেই নির্ধারিত সময়ের আগেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। অন্যদিকে, সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণেও অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে। অথচ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। এসব ভুল ব্যবহারের ফলে জীবাণুর প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি বাড়ে।

শুধু মানুষের চিকিৎসাক্ষেত্রেই নয়, গবাদিপশু ও পোলট্রি খামার এবং কৃষিক্ষেত্রেও অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রাণীর রোগ প্রতিরোধ বা দ্রুত উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অযৌক্তিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রতিরোধী জীবাণু পরিবেশ ও খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। ফলে এ সমস্যাকে কেবল চিকিৎসাবিজ্ঞানের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। বরং মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একসূত্রে বিবেচনা করে ‘ওয়ান হেলথ’ ধারণার ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

এ ক্ষেত্রে প্রথমেই অ্যান্টিবায়োটিক বিক্রয় ও ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর নজরদারি থাকতে হবে। পাশাপাশি চিকিৎসকদেরও রোগীর অবস্থা ও প্রয়োজন বিবেচনা করে যুক্তিসংগতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দেশনা দিতে হবে। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী ও সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ব্যক্তিপর্যায়েও কিছু দায়িত্ব রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। নির্ধারিত মাত্রা ও মেয়াদ সম্পর্কে চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে। ওষুধের ডোজ পরিবর্তন বা চিকিৎসা বন্ধের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে নিয়মিত হাত ধোয়া, নিরাপদ খাদ্য গ্রহণ, বিশুদ্ধ পানি পান এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করতে হবে। অব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ করা থেকেও বিরত থাকতে হবে। সেগুলো নিরাপদ উপায়ে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ কেবল আনুষ্ঠানিকভাবে পালনের বিষয় নয়, এটি আমাদের স্বাস্থ্যনিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। অ্যান্টিবায়োটিক এমন এক জীবনরক্ষাকারী সম্পদ, যার কার্যকারিতা নষ্ট হয়ে গেলে তার মাশুল দিতে হবে পুরো মানবসমাজকে। তাই এ সংকট মোকাবিলায় দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, ওষুধ ব্যবসায়ী, কৃষি ও প্রাণিসম্পদ খাত এবং সাধারণ মানুষ—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কোনো একক ব্যক্তি বা দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ। আজকের সচেতনতা ও কার্যকর পদক্ষেপই পারে আগামী দিনের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষা করতে। তাই প্রতিপাদ্যের আহ্বান হোক আমাদের অঙ্গীকার—‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন’, এএমআর প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে এখনই।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ অ্যান্টিবায়োটিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!