যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত থেকে বেরিয়ে ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ পরীমনির

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ PM ৭৮
আদালত থেকে বেরিয়ে ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ পরীমনির

আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড়ে চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত চত্বরে এক ব্যক্তির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার আগে ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করার দাবিও জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামিনের শুনানি শেষে আদালত ভবন থেকে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে বের হন পরীমনি। এ সময় সাংবাদিকেরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে যান তিনি। তবে গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে ভিড়ের মধ্যে থাকা মুঠোফোন হাতে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়।

পরীমনিকে ওই ব্যক্তির উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ জবাবে লোকটি দাবি করেন, তিনি অভিনেত্রীর গায়ে হাত দেননি, ভিডিও ধারণ করছিলেন মাত্র। এ সময় পরীমনির সহকারীরাও ওই ব্যক্তির বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করার অভিযোগ করেন।

ঘটনার ভিডিওতে দেখা যায়, প্রায় আধা মিনিট ধরে উত্তেজিত অবস্থায় নিজের অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ পরে আশপাশের লোকজন ওই ব্যক্তিকে সরিয়ে দিলে পরীমনি গাড়িতে উঠে আদালত এলাকা ত্যাগ করেন। তবে ওই ব্যক্তি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং কেন তাঁকে অভিযুক্ত করা হচ্ছে, তা জানতে চান।

আদালত চত্বরে ক্যামেরার তীব্র আলো সরাসরি চোখে পড়ায়ও বিরক্তি প্রকাশ করেন পরীমনি। জামিনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই তিনি স্থান ত্যাগ করেন।

এর আগে ৪ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। এর আগেও গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠনের নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে সেটি প্রত্যাহার করা হয়।

মামলার পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে পরীমনির। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ ওয়েব চলচ্চিত্রে ইমতিয়াজ বর্ষণের বিপরীতে কাজ করেছেন তিনি। এ ছাড়া তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ চলচ্চিত্রের কাজও শেষ করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

পরীমনি পরীমনির জামিন নাসির উদ্দিন মাহমুদ আদালত প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা পরীমনির অভিযোগ মারধর ও ভাঙচুর মামলা সেপারেশন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!