যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ PM ৪০
পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং জাতীয় সংগীতের আবহসংগীত ব্যবহার করে আপত্তিকর মন্তব্য প্রকাশের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত কার্যদিবসের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠান। এতে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ঢাকার আদালত চত্বরে আত্মসমর্পণ করতে যাওয়ার সময় পরীমনির ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন সংবাদকর্মীরা। এ সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। নোটিশের ভাষ্য অনুযায়ী, পরীমনি একটি গণমাধ্যমের মাল্টিমিডিয়া প্রতিবেদকের মুঠোফোন নিয়ে নেন এবং তাঁর ট্রাইপড ভাঙা হয়। নিরাপত্তারক্ষীদের আচরণে চার সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর শারীরিক প্রতিবন্ধকতা থাকা এক সাংবাদিককে লক্ষ্য করে পরীমনি প্রকাশ্যে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। এ ধরনের আচরণকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী।

এ ছাড়া গত ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র আবহসংগীতের সঙ্গে আপত্তিকর ভাষায় একটি বার্তা প্রকাশের অভিযোগও নোটিশে তোলা হয়েছে। এতে সংবিধানের ৪(১) অনুচ্ছেদ এবং জাতীয় সংগীত-সংক্রান্ত ১৯৭২ সালের আদেশ ও ১৯৭৮ সালের বিধিমালার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হত্যার হুমকির অভিযোগের ক্ষেত্রে দণ্ডবিধির ৫০৩, ৫০৪ ও ৫০৬ ধারার কথাও তুলে ধরা হয়েছে।

নোটিশে পরীমনিকে ভবিষ্যতে হুমকি, অশালীন বক্তব্য ও আপত্তিকর আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। আইনজীবীর দাবি, একজন পরিচিত অভিনয়শিল্পীর এমন আচরণ সমাজ ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে সমিতির নীরবতা সংগঠনটির ভাবমূর্তির জন্যও ক্ষতিকর বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরীমনি পরীমনিকে আইনি নোটিশ সাংবাদিক হেনস্তার অভিযোগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!