যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্লুফ্লাই’তে প্রিয়াঙ্কা, সঙ্গে থাকছেন রাসেল ক্রো

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ PM ৬১
‘ব্লুফ্লাই’তে প্রিয়াঙ্কা, সঙ্গে থাকছেন রাসেল ক্রো

হলিউডের নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’-তে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজের কাজের পরিধি বাড়িয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাঁকে দেখা যাবে হলিউডের সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’-তে। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। সম্প্রতি এই প্রজেক্টের অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন ড্যানিয়েল ম্যাকফারসনও।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি পরিচালনা করছেন নিমরোদ আনতাল। ‘প্রিডেটরস’ সিনেমার জন্য পরিচিত এই নির্মাতার নতুন ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র একজন জাতিসংঘের অনুবাদকের। ব্যক্তিগত শোকের ভার নিয়ে থাকা ওই নারী কঙ্গোতে একটি গোপন উদ্ধার অভিযানে জড়িয়ে পড়েন। দুর্ঘটনায় বিধ্বস্ত একটি রহস্যময় উড়োজাহাজ খুঁজে বের করাই অভিযানের মূল লক্ষ্য।

ছবির কাহিনিতে বিশেষ অভিযানে অংশ নেওয়া একটি দল কঙ্গোর দুর্গম নদীপথ পেরিয়ে মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে। উদ্ধারকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামনে আসতে থাকে নতুন বিপদ ও অজানা রহস্য। ড্যানিয়েল ম্যাকফারসনকে দেখা যাবে দীর্ঘদিন যুদ্ধের অভিজ্ঞতা থাকা স্পেশাল ফোর্সেস সদস্যের ভূমিকায়। তবে রাসেল ক্রো কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করা হয়নি।

‘ব্লুফ্লাই’-এর চিত্রনাট্য তৈরি করেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। সিনেমাটির শুটিং অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হওয়ার কথা রয়েছে। সেখানে কঙ্গোর পরিবেশ ও প্রেক্ষাপট তৈরি করে বিভিন্ন দৃশ্য ধারণ করা হবে।

এর আগে ‘দ্য ব্লাফ’ ও ‘হেডস অব স্টেট’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। হলিউডের কাজের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রেও ফিরছেন তিনি। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। ছবিটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘ব্লুফ্লাই’-তে প্রিয়াঙ্কা ও রাসেল ক্রোর একসঙ্গে অভিনয়ের বিষয়টি সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া ব্লুফ্লাই সিনেমা রাসেল ক্রো ড্যানিয়েল ম্যাকফারসন হলিউড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!