বাংলাদেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় টিকাদান কর্মসূচির কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
একসময় টিকাদানের মাধ্যমে হাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। তবে ২০২৫ সালে টিকাদান কার্যক্রমে ঘাটতি এবং নানা ব্যবস্থাপনাগত সমস্যার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলে উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। বর্তমানে দেশজুড়ে শিশুদের মধ্যে হামের ব্যাপক সংক্রমণ মোকাবিলা করতে হচ্ছে, যা টিকাদান কর্মসূচি দুর্বল হয়ে পড়লে কী ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি হতে পারে, তার একটি সতর্ক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে প্রায় ২ লাখ ২ হাজার সন্দেহভাজন হামের রোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২২ হাজারের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে এ রোগে ১ হাজার ১৪৭ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে, যাঁদের ৯৪ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে টিকাদানের আওতা অন্তত ৯৫ শতাংশে রাখা প্রয়োজন। তবে ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে হামের প্রথম ডোজের টিকাদানের হার কমে ৯০ শতাংশে এবং দ্বিতীয় ডোজের হার ৮৬ শতাংশে নেমে আসে। রাজনৈতিক অস্থিরতা, স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, টিকা আমদানিতে বিলম্ব এবং প্রত্যন্ত এলাকায় তদারকির ঘাটতিকে এ পরিস্থিতির পেছনে সম্ভাব্য কারণ হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল পাবলিক হেলথ স্কুলের অধ্যাপক ও ডব্লিউএইচওর টিকা উপদেষ্টা মার্ক জিৎ বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্বের জন্য সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, জরুরি পরিস্থিতিতে বড় পরিসরে রোগ মোকাবিলার চেয়ে নিয়মিত টিকাদানের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা সহজ, কম ব্যয়বহুল ও নিরাপদ।
রয়টার্সের অনুসন্ধানে জরুরি টিকাদান কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পর সরকার সব শিশুকে কর্মসূচির আওতায় আনার কথা জানালেও জুনে আরেকটি স্বাস্থ্য কার্যক্রমে একই বয়সী আরও ৪০ লাখ শিশুর তথ্য সামনে আসে, যারা আগের তালিকায় ছিল না। সাধারণত টিকাদান অভিযানের আগে প্রস্তুতি যাচাইয়ের চারটি ধাপ অনুসরণ করা হলেও এবার সময়ের সীমাবদ্ধতায় মাত্র একটি ধাপ সম্পন্ন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টিকাদান অভিযানের আগে আক্রান্ত শিশুদের ৮২ শতাংশ টিকা পায়নি। অভিযান শেষ হওয়ার পরও এ হার ৮৫ শতাংশ ছিল। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার সেপ্টেম্বরে রয়টার্সকে বলেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে অভিভাবকদের অনীহা কিংবা শিশুদের অসুস্থতার কারণে কেউ কেউ টিকা থেকে বাদ পড়ে থাকতে পারে।
হামের প্রাদুর্ভাবে উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে উদ্ধৃত সরকারি হিসাব অনুযায়ী, সেখানে ১৮০ শিশুর মৃত্যু হয়েছে। কয়েকটি পরিবারের অভিযোগ, শিশুদের টিকা দিতে স্বাস্থ্যকর্মীরা সময়মতো তাঁদের গ্রামে যাননি; মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের কর্মীদের দেখা গেছে।
এদিকে সেপ্টেম্বরে দেশে প্রতিদিন গড়ে ১ হাজার ১৯৮ জন নতুন হামের রোগী শনাক্ত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ডেঙ্গুর প্রকোপ থাকায় হাসপাতালগুলোতেও শয্যার সংকট তৈরি হয়েছে। সিলেটের ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি থাকার কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পাঁচ বছরের বেশি বয়সী শিশুদেরও টিকাদানের আওতায় আনার পরামর্শ দিয়েছেন। কারণ, প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ এ বয়সী শিশু। পাশাপাশি ছয় মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত কমে যাওয়ার সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। সাধারণত এ বয়সে মাতৃগর্ভ থেকে পাওয়া অ্যান্টিবডি কিছুটা সুরক্ষা দিয়ে থাকে।
হাম বাংলাদেশে হামের প্রাদুর্ভাব
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!