যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ PM ৭৭
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরী

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে একটি বিমানবাহী রণতরী। প্রায় ৪১ বছরের পুরোনো এই যুদ্ধজাহাজটি ইতালির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে দেশটি। ইন্দোনেশিয়ার দাবি, রণতরীটি তাদের সামুদ্রিক নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

ইতালির নৌবাহিনীতে যুদ্ধজাহাজটি ‘আইটিএস জিউসেপ্পে গারিবালদি’ নামে পরিচিত ছিল। এতে অল্প জায়গা থেকে যুদ্ধবিমান উড্ডয়ন এবং বিমান ও হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে।

শুক্রবার সকালে রণতরীটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার তাংজুং প্রিয়োক বন্দরের একটি ঘাঁটিতে পৌঁছায়। এ সময় সেখানে সামরিক সম্মান প্রদর্শনের আয়োজন করা হয়।

গত মার্চে ইতালি পুরোনো রণতরীটি ইন্দোনেশিয়াকে দেওয়ার বিষয়ে সম্মতি জানায়। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালি একই সময়ে ইন্দোনেশিয়ার কাছে সাবমেরিন ও যুদ্ধবিমান বিক্রির বিষয়েও আগ্রহ দেখাচ্ছে।

রণতরীটি উপহার হিসেবে দেওয়ায় জাহাজটি ধ্বংস বা ভেঙে ফেলার জন্য ইতালিকে আলাদা অর্থ ব্যয় করতে হচ্ছে না। অন্যদিকে, ইন্দোনেশিয়া নতুন এই সক্ষমতাকে সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় কাজে লাগানোর পরিকল্পনা করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিমানবাহী রণতরী পরিচালনাকারী দ্বিতীয় দেশ হতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এর আগে ১৯৯৭ সালে থাইল্যান্ড স্পেনের কাছ থেকে একটি বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান সংগ্রহ করে।

আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রণতরীটি ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত করা হবে। তখন এর নতুন নাম হবে ‘কেআরআই গাজাহ মাদা’। চতুর্দশ শতকের মাজাপাহিত সাম্রাজ্যের সামরিক নেতা গাজাহ মাদার নাম অনুসারে জাহাজটির নামকরণ করা হয়েছে। ইন্দোনেশিয়ার ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!