মাথায় বলের আঘাতে জ্ঞান হারালেন সাবাদেলের লিয়ামিদ ছবি: সংগৃহীত
স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন সাবাদেলের নাইজেরিয়ান মিডফিল্ডার কুয়াদ্রি লিয়ামিদ। আলবাসেতের বিপক্ষে খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের জোরালো কিক তাঁর মাথায় লাগলে মাঠেই জ্ঞান হারান তিনি। পরে জরুরি চিকিৎসা দিয়ে তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
ম্যাচের ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। আলবাসেতের খেলোয়াড় হোসে কোরপাসের জোরে মারা কিক সরাসরি লিয়ামিদের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান সাবাদেলের এই ফুটবলার। ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও আঘাতের তীব্রতায় মাঠের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় কোরপাসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
মাঠে অচেতন হয়ে পড়ে থাকা লিয়ামিদকে দ্রুত ঘিরে ধরেন দুই দলের মেডিকেল স্টাফরা। তাঁকে প্রাথমিক জরুরি চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফেরে। এরপর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচ শেষে সাবাদেল জানায়, লিয়ামিদ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ক্লাবটির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষার ফল ইতিবাচক। তবে তাঁর চোটের প্রকৃতি বা সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
মাঠের বাইরের এই ঘটনার পাশাপাশি ম্যাচেও পিছিয়ে পড়ে সাবাদেল। একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে যায় আলবাসেতে। ৮১ মিনিটে ইনিগো আগুইলার গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি সফরকারীরা। শেষ দিকে কয়েক দফা আক্রমণ চালিয়েও প্রতিপক্ষের জালে আর বল জড়াতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবাসেতে।
কুয়াদ্রি লিয়ামিদ নাইজেরিয়ান ফুটবলার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!