ছবি: সংগৃহীত
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে শুরু হয়েছে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। রোববার (১ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনার এই উদ্যোগ উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের বিষয়ে কাজ করছেন তিনি। দীর্ঘদিনের পরিকল্পনা হলেও বাসমালিক ও শ্রমিকদের অসহযোগিতা এবং প্রশাসনিক জটিলতার কারণে এত দিন উদ্যোগটি বাস্তবায়ন করা যায়নি।
ঢাকার গণপরিবহনের আগের পরিস্থিতি তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, একসময় রাজধানীতে ৯৮টি বাস রুট ছিল। বিভিন্ন নামে ও ব্যানারে বাস চলাচলের কারণে চালকদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতো, যার ফলে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ত। পরে রুটের সংখ্যা কমিয়ে ৩২টিতে আনা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ছয়টি রুটে নতুন ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
তিনি বলেন, আগে এই ছয়টি রুটে ১৮টি পৃথক ব্যানারে বাস পরিচালিত হতো। এখন সেগুলোকে একটি কোম্পানির আওতায় আনা হয়েছে। নতুন ব্যবস্থায় চালক ও শ্রমিকেরা বেতনভিত্তিক কাঠামোয় কাজ করবেন। এতে যাত্রী তোলার জন্য চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমবে এবং বাস চলাচলে নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনার পরবর্তী ধাপে ২৫টি সার্কুলার রুট চালুর কথা রয়েছে। এসব পথে ছোট আকারের বাস নির্ধারিত বৃত্তাকার পথে চলাচল করবে। প্রতিটি বাস সারাদিন নির্দিষ্ট রুট অনুসরণ করবে। প্রয়োজনীয় মিনি বাস পাওয়া গেলে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে বাকি চারটি রুটেও কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।
নতুন ব্যবস্থায় যাত্রীদের জন্য রুট শনাক্ত করাও সহজ করার পরিকল্পনা রয়েছে। কমিশনার জানান, ৩২টি রুটের বাসে পৃথক রং ও নম্বর ব্যবহার করা হবে। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সংশ্লিষ্ট বাসের রুট সম্পর্কে জানতে পারবেন।
বাস রুট রেশনালাইজেশন ঢাকার গণপরিবহন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!