যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান সাই পল্লবী?

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:১২ PM ১৫
জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান সাই পল্লবী?

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ছবি: সংগৃহীত

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক পরিচয়ের চেয়ে মানুষের ব্যক্তিত্ব ও মানসিকতাকে বেশি গুরুত্ব দেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তাঁর প্রত্যাশা, সঙ্গী হবেন সৎ, ভালো মনের এবং নিজের ভুল বুঝে তা সংশোধন করতে আগ্রহী একজন মানুষ। আর বাড়তি পাওনা হিসেবে তাঁর রান্নার দক্ষতা থাকলে সেটিও হবে আনন্দের বিষয়।

নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাই পল্লবীর। ছবিটির প্রচারের অংশ হিসেবে সহশিল্পী রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানটির সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁর কাছে জানতে চান, জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষকে পছন্দ করবেন।

উত্তরে অভিনেত্রী জানান, তাঁর কাছে প্রথম শর্ত হলো মানুষটিকে খাঁটি ও ভালো মনের হতে হবে। অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়া চলবে না। নিজের আচরণ ও ভুল নিয়ে ভাবার ক্ষমতা থাকতে হবে এবং ভুল বুঝতে পারলে অন্যের ওপর দায় না চাপিয়ে তা সংশোধনের মানসিকতাও থাকতে হবে।

জীবনসঙ্গী নিয়ে খুব দীর্ঘ কোনো প্রত্যাশার তালিকা নেই জানিয়ে মজার ছলে সাই পল্লবী আরও বলেন, মানুষটি ভালো হওয়ার পাশাপাশি রান্না জানলে সেটি হবে বাড়তি আনন্দের বিষয়।

অনুষ্ঠানে অমিতাভ বচ্চন তাঁর চিকিৎসাবিদ্যা পড়া ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়েও জানতে চান। জবাবে সাই পল্লবী বলেন, ঈশ্বরই যেন তাঁর ভাগ্যে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন। এ কথা শুনে রণবীর কাপুর মজা করে বলেন, ঈশ্বরের প্রেসক্রিপশনেই নাকি লেখা ছিল তাঁকে অভিনয় করতে হবে। তাঁর রসিকতায় অনুষ্ঠানের দর্শকদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়।

‘রামায়ণ’-এ সীতার চরিত্রে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, সাধারণ কোনো চরিত্রে অভিনয়ের আগে সেই চরিত্রে নিজের কাছ থেকে কী দেওয়া সম্ভব, তা নিয়ে ভাবেন। কিন্তু সীতার মতো পবিত্র চরিত্রে অভিনয়ের সময় তাঁর ভাবনা ছিল আলাদা। চরিত্রটি থেকে কী শিক্ষা ও জ্ঞান অর্জন করা যায়, সেটিই ছিল তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই শুটিং শুরুর আগে কোনো বিশেষ কৌশলের ওপর নির্ভর না করে সীতার কাছে প্রার্থনা করেছিলেন তিনি।

যশ ও নামিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত দুই পর্বের এই সিনেমায় রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ হিসেবে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

প্রায় চার হাজার কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্বের সম্ভাব্য মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের দীপাবলি।

সাই পল্লবী রামায়ণ সিনেমা রণবীর কাপুর সীতার চরিত্র দক্ষিণী অভিনেত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!