যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অচল, মাঠে পাঁচ প্লাটুন বিজিবি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ PM ১৯
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অচল, মাঠে পাঁচ প্লাটুন বিজিবি

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে তাঁদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। পরে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও সেখানে যোগ দেন। একপর্যায়ে সড়কজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে অচলাবস্থা তৈরি হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। বর্তমানে পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তাঁরা।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিজিবির সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।

গাজীপুর কালিয়াকৈর পোশাকশ্রমিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!