আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তলবের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে করা এক মন্তব্যের ব্যাখ্যা দিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল-১। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনে উপস্থিত হয়ে ফুয়াদকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই বক্তব্যের ব্যাখ্যা শুনতেই তাঁকে আগামী ৪ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে তিনি নিজের বক্তব্যের বিষয়ে কী ব্যাখ্যা দেন, এখন সেদিকেই নজর থাকবে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!