যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ই-রিকশা নিবন্ধন হবে ধাপে ধাপে, মালিকদের আশ্বস্ত করলেন প্রতিমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ PM ১৬
ই-রিকশা নিবন্ধন হবে ধাপে ধাপে, মালিকদের আশ্বস্ত করলেন প্রতিমন্ত্রী

ই-রিকশার নতুন বিধিমালা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা কার্যকর হলেও মালিক ও চালকদের এখনই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নতুন নিয়মে নিবন্ধন কার্যক্রম একসঙ্গে নয়, পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। অবৈধ ই-রিকশা নিয়ন্ত্রণেও ধাপে ধাপে ব্যবস্থা নেবে সরকার।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় নতুন বিধিমালা বাস্তবায়ন করা হবে। এসব এলাকায় কার্যক্রম শুরুর পর পৌরসভার আইন সংশোধনের মাধ্যমে অন্যান্য শহরের জন্য পৃথক বিধিমালা প্রণয়ন করা হবে।

নতুন নিয়ম চালুর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, নিবন্ধন কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ ই-রিকশার চলাচল নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে। ফলে নতুন বিধিমালা প্রকাশের পরপরই সব অটোরিকশা বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কার কারণ নেই বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত চালক ও মালিকেরা প্রচলিত নিয়ম মেনে যানবাহন চালাতে পারবেন। সরকারি প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে এবং নিয়মবহির্ভূত রিকশা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। নতুন বিধিমালাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে না পারে কিংবা চালকদের মধ্যে অযথা আতঙ্ক ছড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অবৈধ ও বিশৃঙ্খল ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের লক্ষ্যেই আইনি কাঠামোর আওতায় নতুন বিধিমালা জারি করেছে সরকার। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত রিকশা ই-রিকশা বিধিমালা মীর শাহে আলম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!