জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক আয়োজনে গান শোনাবেন নগরবাউলখ্যাত শিল্পী মাহফুজ আনাম জেমস। ছবি: সংগৃহীত
দীর্ঘ এক দশক পর আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উঠতে যাচ্ছেন নগরবাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আগামীকাল ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত পরিবেশন করবেন তিনি। এ আয়োজনকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, বিজ্ঞান ভবন প্রাঙ্গণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর শেষ পর্বে মঞ্চে উঠবেন জেমস। তাঁর জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। সর্বশেষ ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গান করেছিলেন এই শিল্পী। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভারও আয়োজন রাখা হয়েছে।
দুপুরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। এরপর বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী এবং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন অংশ নেবে।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচিতে এসব আয়োজনের কথা জানানো হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ আকর্ষণ হিসেবে জেমসের পরিবেশনা প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।
নগরবাউল জেমস মাহফুজ আনাম জেমস জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির প্রতিষ্ঠাবার্ষিকী ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!